জামায়াতে ইসলামীর দুই সাবেক নেতাকে নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। এনসিপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিজানুর রহমান খানকে আহবায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া একজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, তিনজনকে যুগ্ম আহবায়ক করা হয়। কমিটিতে অ্যাডভোকেট জাকির হোসেন ও মো. সবুজ হাওলাদারকে করা হয়েছে সিনিয়র যুগ্ম সদস্য সচিব। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ছয় জনকে। কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ জানান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির মেয়াদ আগামী ছয় মাস। এরমধ্যে আগামী এক মাসের মধ্যে কমিটির পরিধি আরো বাড়ানো হবে। কমিটিতে সদস্য সচিব এম আনোয়ার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত নেতা ছিলেন এ প্রশ্নের জবাবে সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু হেনা মাহিম মোরশেদ সাংবাদিকদের জানান, দুই জনেই জামায়াত থেকে পদত্যাগ করেছেন। তারপর আমাদের কমিটিতে এসেছেন।