সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা এলাকায় যমুনা সেতু-হাটিকুমরুল মহাসড়কে বাসের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা ওভারব্রিজ এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি ওভারব্রিজ ও আইল্যান্ডের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।