আইনি জটিলতায় হানি সিং ও বাদশাহ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৬, ০৭:১১ পিএম
আইনি জটিলতায় হানি সিং ও বাদশাহ

প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি গানের কারণে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা হানি সিং ও বাদশাহ। দিল্লি উচ্চ আদালত তাদের গাওয়া ‘ভলিউম ওয়ান’ গানটিকে নারীদের প্রতি অবমাননাকর ও অশ্লীল উল্লেখ করে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০০৬-২০০৭ সালে প্রকাশিত এ গানটির কথা ও উপস্থাপনা অত্যন্ত নিম্নরুচির এবং এতে নারীদের কেবল ভোগের বস্তু হিসেবে দেখানো হয়েছে, যা সমাজের মূল্যবোধের জন্য ক্ষতিকর। বিচারকের মতে, শিল্পের স্বাধীনতার নামে এমন কোনো বিষয়বস্তু প্রচার করা উচিত নয় যা তরুণদের ভুল পথে প্রভাবিত করতে পারে। তাই এ ধরনের গান সভ্য সমাজে বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করা হয়। এদিকে ব্যক্তিগত কারণেও বর্তমানে আলোচনায় রয়েছেন এই দুই শিল্পী। সম্প্রতি ‘টাটিরি’ গান নিয়ে নারীদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন বাদশাহ। অন্যদিকে মুম্বাইয়ে এক কনসার্টে নারী ভক্তদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অসদাচরণের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন হানি সিং। ক্যারিয়ারের শুরুতে তারা ‘মাফিয়া মুন্ডির’ ব্যান্ডের সদস্য হিসেবে একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন। সেই সময়েই তাদের ডুয়েট গান ‘ভলিউম ওয়ান’ প্রকাশিত হয়। তবে ২০১২ সালে মতবিরোধের কারণে ব্যান্ডটি ভেঙে গেলে তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে