সিলেট মহানগরীতে ট্রাক ছিনতাই চেষ্টার একটি আলোচিত মামলায় যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) গভীর রাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদল-এর পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে চোরাচালান ও পুলিশের ওপর হামলার চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা বিচারাধীন রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক সিলেট নগরীতে প্রবেশের চেষ্টা করে। পুলিশ ব্যারিকেড দিলে চালক তা অমান্য করে মজুমদারি এলাকার একটি গলিতে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে অভিযোগ ওঠে, মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে পুলিশের কাজে বাধা দেন এবং জব্দ করা ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, তাকে আদালতে হাজির করা হয়েছে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।