গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির শেরপুর জেলার অগ্রগতি তদারকির লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিল ও পাঠাকাটা ইউনিয়নের গোদাডাঙ্গা এবং শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দিরচর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট স্থানসমূহে খাল খননের ডিমার্কেশন যথাযথভাবে নিশ্চিতকরণ, বাস্তবায়ন প্রক্রিয়ার চ্যালেঞ্জ ও সম্ভাব্যতা নিরূপণ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স, নকলা উপজেলা নির্বাহী অফিসার, মো. জাহাঙ্গীর হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, মাহবুবা হক, সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর ও নকলা উপজেলা; জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (প্রকল্প), সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।