নিজের ভুল বুঝতে পেরে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন ইউসুফ মুন্সি (৩০) নামের এক যুবক। তবে ইতোমধ্যে এ অনলাইন জুয়ায় তিনি সর্বস্ত্র খুঁইয়েছেন। তারমতো যেন কেউ এই অনলাইন জুয়ায় আসক্ত না হন সেজন্য তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
সূত্রমতে, দুধ দিয়ে গোসল করার এমন একটি ছবি ১৪ এপ্রিল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বৃহত্তর বরিশাল বিভাগের ভোলা জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ইউসুফ মুন্সি নামের ওই যুবকের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে। পেশায় তিনি একজন রড মিস্ত্রি।
জুয়া ছেড়ে দেয়ার ঘোষণা দেওয়া ইউসুফ মুন্সি জানান, রড মিস্ত্রি ও মাছের ঘেরের ব্যবসা করে তার পরিবার বেশ ভালোই চলছিলো। প্রায় তিন বছর আগে তার পরিচিত স্থানীয়দের অনলাইনে জুয়া খেলা দেখে তিনিও অ্যাকাউন্ট খোলেন। পরে তিনি অনলাইনে জুয়া ও ক্যাসিনো খেলতে শুরু করেন। প্রথমদিকে কিছু টাকা পেয়ে আরও বেশি ঝুঁকে পরেন।
একসময় তিনি আসক্ত হয়ে যা আয় করতেন সবই হারান। পরে একে একে বসতঘর ও জমি বিক্রি করে জুয়া খেলেন। তিনি এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা হরিয়েছেন বলে দাবি করেন। পরে স্ত্রী ও সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন শ্বশুর বাড়িতে।
তিনি আরও জানান, সব হারিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন আর কোনদিন অনলাইন জুয়া খেলবেন না। পরে তার বন্ধুদের পরামর্শে একটি বালতিতে দুধ ও পানি মিশিয়ে তিনি গোসল করেন। তার মতো কেউ যেন এসব জুয়া খেলে নিঃস্ব না হন সেজন্য তিনি অনুরোধ করেছেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি তার জানা নেই। তবে জুয়া খেলার বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছেন।