৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম
৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

দেশে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিডা, বেপজা, বেজাসহ ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থা বিলুপ্ত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বিনিয়োগ সংক্রান্ত কাজ বিভিন্ন দপ্তরের মধ্যে বিভক্ত থাকায় সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হয়। এই বাস্তবতায় সব সেবা এক ছাতার নিচে আনার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন সংস্থায় কাগজভিত্তিক ফাইলিং বন্ধ করে সম্পূর্ণ ডিজিটাল ডি-নথি চালু করা হবে।

বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূত করে নতুন কাঠামোতে বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, “বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” বর্তমানে একাধিক দপ্তরে ঘুরতে হওয়ায় বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েন, যা বিনিয়োগের গতি কমিয়ে দেয়।

নতুন কাঠামোয় প্রতিটি ধাপ ডিজিটাল করা হবে। এতে ফাইল প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা কমবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বিনিয়োগকারীদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘোরার প্রয়োজনও থাকবে না।

এদিকে, ইতোমধ্যে সংস্থাগুলো বিলুপ্তি, জনবল পুনর্বিন্যাস, নতুন অর্গানোগ্রাম তৈরি এবং আইনি কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই একীভূত উদ্যোগ বাস্তবায়ন হলে বিনিয়োগ পরিবেশ উন্নত হতে পারে। তবে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ।

সব খসড়া ও চূড়ান্ত পরিকল্পনা আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে