পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাত দলের সরদার আঃ আজিজকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে মাদারীপুর শহর থেকে তথ্য প্রযুক্তি ও জধন-০৮ এর সহায়তায় গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সরকেল) নাসরিন জাহান সংবাদ সন্মেলন করে জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ৯ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সঙ্গীও এক ডাকাত মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। এ খবর পেয়ে দ্রুত ঘঠনাস্থলে গিয়ে নাজিরপুর থানা পুলিশের একটি টিম মুমূর্ষ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। নাজিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিজান অব্যাহত রয়েছে।