নাজিরপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাহিদুল

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৩:৪৭ পিএম
নাজিরপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাহিদুল

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক হিসাব-নিকাশ। এরই মধ্যে দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কাজকর্ম করার ক্ষেত্রে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি অনেকের কাছে পরিচিত মুখ। স্থানীয় লোক-জনের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করা, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার কারণে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন সাংবাদিক জাহিদুল হক। যে কোনো সমস্যা বা প্রয়োজনে মানুষ সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও অনেকে মন্তব্য করেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান এবং সামাজিক আড্ডায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনায় সাংবাদিক জাহিদুল হকের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে। তবে চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে  সাংবাদিক জাহিদুল হক বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

আপনার জেলার সংবাদ পড়তে