কাউখালীতে

লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:২৭ পিএম
লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলায় সাম্প্রতিক সময়ে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনে রাতে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো একটানা ২-৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে করে গরমের মধ্যে শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এসএসসি ও সমমানের পরীক্ষার্থীসহ অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার সময় এভাবে লোডশেডিং চলতে থাকলে আমাদের সন্তানদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। রাতের বেলায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ থাকছে। ফলে বিক্রি কমে যাচ্ছে বলে জানান তারা। লোডশেডিং এর কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে। রোগীদের ভোগান্তির শেষ নেই। রোগীদের জরুরী পরীক্ষা নিরীক্ষা করতে বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, চলমান সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের চেয়ে বিদ্যুৎ এর চাহিদা বেশি। তেলের সংকট কেটে গেলে বিদ্যুৎ আবার স্বাভাবিক হয়ে যাবে।