বরিশালের মুলাদীতে একটি বন্ধ ঘর থেকে পারভেজ হাওলাদার (৩৫) নামের এক যুবলীগ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর পাটোয়ারি কান্দি গ্রামের একটি পাকা বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে মুলাদী থানা পুলিশ। পারভেজ হাওলাদার কাজিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সদস্য। তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছে পুলিশ। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, পারভেজ হাওলাদারের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় তিনি কাজিরচর গ্রামের পাটোয়ারি কান্দি নিজেদের পাকা ঘরে একা বাস করতেন। তার মা হোসনেয়ারা বেগম ৩-৪ দিন ধরে ছেলেকে মোবাইল ফোনে না পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে খুঁজতে যান। পরে ঘরের ভিতরে গন্ধ পেয়ে দরজা ভেঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পারভেজের মা হোসনেয়ারা বেগম জানান, কয়েক বছর আগে তার স্বামী ২য় বিবাহ করলে তাদের বিচ্ছেদ হয়। পারভেজ তার স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে পাটোয়ারি কান্দি গোঁজা এলাকায় থাকতেন। কয়েক মাস আগে তার স্ত্রীর সঙ্গে বিরোধ হলে সে (পারভেজের স্ত্রী) মেয়েদের নিয়ে তার বাবার বাড়ি চলে যান। এনিয়ে পারভেজ বেশ কিছুদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন এবং প্রায় ১ মাসে আগে তিনি বাসার কিছু আসবাবপত্র পুড়িয়ে দিয়েছিলেন। গত ১৮ এপ্রিল রাতে মোবাইল ফোনে পারভেজের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। গত ২০ এপ্রিল থেকে ফোনে ছেলেকে পাচ্ছিলেন না তিনি। তাই তাকে খুঁজতে ওই বাড়িতে যান এবং দরজা ভেঙে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। মুলাদী থানার ওসি সোহেল রানা বলেন, বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।