কালীগঞ্জে

কৃষকের আখক্ষেত নষ্ট, চিনিকলের পক্ষে থানাতে অভিযোগ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:১০ পিএম
কৃষকের আখক্ষেত নষ্ট, চিনিকলের পক্ষে থানাতে অভিযোগ

হুমকি দিয়েও জমি দখলে র্ব্যথ সন্ত্রাসীরা ট্রাক্টর দিয়ে চষে এক কৃষকের আখক্ষেত তছরুপের ঘটনায় এবার কালীগঞ্জ থানাতে অভিযোগ দিয়েছেন মোবারকগঞ্জ চিনিকল কতৃপক্ষ। বুধবার বিকালে মোবারকগঞ্জ চিনিকলের এমডির পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশা ও প্রশি) জামাল উদ্দিন ওই অভিযোগটি দায়ের করেন। গত সোমবার চিনিকলের বি- সাবজোনের কালীগঞ্জের চাচড়া গ্রামের মাঠে আখচাষী নান্নুর ৪ বিঘা জমির আখ ক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকও ওইদিনই তিনজনের নাম উল্লেখ করে  থানাতে একটি অভিযোগ করেছিল। 

মোবারকগঞ্জ চিনিকলের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটির বি-সাবজোনের ২৩নং ইউনিটের চাচড়া মাঠে দন্ডায়মান ছিল এক একর জমির আখ। গত সোমবার বেলা ১১ টার দিকে পার্শ্ববতী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও মনি নামের তিন ব্যক্তি ট্রাক্টর দিয়ে চষে ক্ষেতটি তসরুপ করে। যা অত্যান্ত অপরাধ মুলক কর্মকান্ড। অভিযোগে আরো বলা হয়, অত্র মিলটি রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান।আখ একটি অর্থকারী ফসল এবং মিলের ব্যবহৃত একমাত্র কাচামাল। এজন্য মিলের আখ নষ্টকারী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনর্চাজ জেল্লাল হোসেন বলেন, মোবারকগঞ্জ চিনিকলের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্থ্য কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। জমিতে আখ রোপন করে প্রায় ৭/৮ লাখ টাকা খরচও করেছেন। কিন্তু জমি দখলের জন্য সন্ত্রাসীরা তার রোপনকৃত সাড়ে ৪ বিঘা  আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন, মিলের থেকে ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। এখন পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করে তিনিও থানাতে অভিযোগ  করেছেন।