মোল্লাহাটে বিএনপির সংবাদ সম্মেলন

এমপি মশিউর রহমান খানের বক্তব্য প্রত্যাহারের দাবি

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ পিএম
এমপি মশিউর রহমান খানের বক্তব্য প্রত্যাহারের দাবি

জাতীয় সংসদে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান-এর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর মধ্যপাড়া এলাকায় বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী বলেন, সংসদ অধিবেশনে এমপি মশিউর রহমান খান দাবি করেছেন যে, গত ৫৪ বছরে ফ্যাসিবাদী শাসন ছাড়া একমাত্র তিনিই এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তার এ বক্তব্যকে “অসত্য ও বিভ্রান্তিকর”বলে দাবি করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ১৯৭৯ সালে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে এডভোকেট সৈয়দ মুজাহিদুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া জাতীয় পার্টির আব্দুল হাই বাচ্চু এবং ১৯৯৬ সালে বিএনপির শেখ মুজিবুর রহমান এমপি হিসেবে নির্বাচিত হন। এছাড়াও মরহুম এম এ খায়ের ফ্যাসিবাদী আমলের আগেই একাধিকবার এমএনএ ও এমপি নির্বাচিত হয়েছিলেন। শেখ সাহেদ আলী প্রশ্ন তুলে বলেন, “তাহলে কীভাবে বর্তমান এমপি দাবি করেন যে তার আগে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই ফ্যাসিবাদী?”তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বক্তব্য প্রত্যাহার না করলে সংসদ নেতা তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করা হবে এবং সংসদীয় পদ্ধতিতে বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান শেখসহ দলীয় নেতাকর্মীরা।