জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে: আইনমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ পিএম
জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে: আইনমন্ত্রী
ছবি, সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। আমরা বলতে চাই, বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদ আদেশের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে।”

বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে মন্তব্য করে তিনি বলেন, “জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেক প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।”

মো. আসাদুজ্জামান বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। মাজাদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।”

দেশে বিভক্তির রাজনীতির চেষ্টা চলছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমরা ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভক্তি চাই না। সবাইকে বিভক্তির রাজনীতি থেকে ফিরে এসে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হতে হবে। দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এসব বিষয় জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

আইনমন্ত্রী যশোর কোর্টের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের জন্য মৃত্যুর পর আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তব্য দেন। 

এর আগে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান। পরে পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে