বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাত করায় তার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় মানবিক কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নে প্রতি জেলে মাসে ৪০ কেজি হারে ৮৩৬টি জেলে কার্ডের বিপরীতে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু ৭৬৫ জন জেলের মাঝে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করেন। তবে অবশিষ্ট ৭১টি জেলে কার্ডের বিপরীতে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাত করেছেন।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং আত্মসাৎকৃত চাল উদ্ধার করতে হবে। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদার প্রমুখ।