কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক ও সফল বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা, নেশাজাতীয় ওষুধ এবং চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। ২৬ এপ্রিল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী আলহাজ্ব এন্টারপ্রাইজ”বাস মিরপুর বাস স্ট্যান্ডে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯,৯৭০ (নয় হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯,৯১,০০০/- (উনত্রিশ লক্ষ একানব্বই হাজার) টাকা। একই দিন কাজীপুর বিওপির একটি চৌকস টহল দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা। পরবর্তীতে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পৃথক অভিযানে ৪,৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,৫৫,২০০/- (দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত) টাকা। এছাড়াও একই দিনে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা। উপরোক্ত সকল জব্দকৃত পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৭,৪০,২০০/- (সাতত্রিশ লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।