সাতক্ষীরায় নারী দোকানিকে পিটিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:২১ পিএম
সাতক্ষীরায় নারী দোকানিকে পিটিয়ে হত্যা, স্বর্ণালংকার লুট

সাতক্ষীরা সদর উপজেলায় ছিনতাইকারীদের ইটের আঘাতে বীথিকা রানী ঘোষ (৫২) নামের এক নারী ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বীথিকা মাগুরা কলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুশংকর দাস নামের এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর মৃত্যুর পর মাগুরা থানাঘাট সংলগ্ন বৌবাজার এলাকায় নিজের একটি মুদিদোকান চালিয়ে সংসার চালাতেন বীথিকা। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে বাঁশবাগান এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা বীথিকার মাথায়, কপালে ও মুখে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। পরে তাঁর শরীরে থাকা স্বর্ণের চেইন, হাতের রুলি ও কানের দুল ছিনিয়ে নিয়ে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। নিহতের ছেলে কার্তিক সাধু জানান, রাত আটটার দিকে তিনি মাকে ফোন করে দোকানে আসতে বলেন। দীর্ঘ সময় পার হলেও মা না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোমবার ভোররাতে রাস্তার পাশের পুকুরে মায়ের মরদেহ ভাসতে দেখে তিনি পুলিশে খবর দেন।

স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ওই এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেশি। ধারণা করা হচ্ছে, দোকানে আসার পথে মাদকসেবীদের সঙ্গে কোনো কারণে বচসা হলে তারা ইট দিয়ে বীথিকার মাথা থেঁতলে দেয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, মূলত স্বর্ণালংকার লুট করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুশান্ত কুমার ঘোষ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে কার্তিক সাধু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে