সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:১৫ পিএম
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাতক্ষীরায় ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মেলাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন অতিথিরা। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে এসে শেষ হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ।

আলোচনা সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখছে। গত ১৫ মাসের (১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) সাফল্যের চিত্র তুলে ধরে বলা হয়,  মোট ২,১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫২০টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৩৩টি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার আওতায় ১,৬০০টি আবেদনের মধ্যে ১,৪৮১টি নিষ্পত্তি করা হয়েছে। এডিআর-এর মাধ্যমে মোট ৯৯ লাখ ৭৮ হাজার টাকা আদায় করে ভুক্তভোগীদের প্রদান করা হয়েছে। এই সময়ে মোট ২,১৬৫ জন মানুষ আইনি সেবা পেয়েছেন, যার মধ্যে নারী ১,১০৬ জন এবং পুরুষ ৩৭৬ জন।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, "বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থা দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার সুদৃঢ় করতে জেলা লিগ্যাল এইড অফিস নিরলস কাজ করে যাচ্ছে।"

দিবসটি উপলক্ষে জজ কোর্ট চত্বরে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। এছাড়া বিকেলে একই স্থানে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও যুগ্ম জেলা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ আইনজীবী সমিতি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে