যশোরের ঝিকরগাছা উপজেলার যদুনাথপুর-দেউলী-পাঁচপোতা-কোমরচাঁন্দা (জেডিপিকে) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. তসলিম আরিফ সবুজের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাবাসী স্কুল চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল বের করে। অভিযুক্তের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার গুরুতর অভিযোগও উঠেছে। এলাকাবাসী ও ওই স্কুলের শিক্ষকবৃন্দ জানিয়েছেন, গত (সোমবার) ২০ এপ্রিল সহকারী গ্রন্থাগরিক তসলিম আরিফ সবুজ দূর সম্পর্কের ভাতিজি ওই বিদ্যালয়েরই ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এই ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই শিক্ষকের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছেন।
এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্মারকলিপি জমা দেন। বুধবার (২৮ এপ্রিল) শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকেও সহকারী প্রধান শিক্ষক মোছা. মাজেদা পারভীন স্বাক্ষরিত আবেদনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষার্থে অভিযুক্ত ওই শিক্ষককের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষক মো. তসলিম আরিফ সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মীর পরিচয় পেয়ে একাধিকবার ফোন কেটে দেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ ইউএনও স্যারের নিকট অভিযোগ দিয়েছেন। তিনি যে ব্যবস্থা করবেন তা প্রতিপালন করা হবে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাফফাত আরা সাঈদ বলেন, "অভিযোগের কপি পেয়েছি। বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"