বিশ্বকাপে বাংলাদেশ না খেলা নিয়ে মুখ খুললেন সাকিব

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
বিশ্বকাপে বাংলাদেশ না খেলা নিয়ে মুখ খুললেন সাকিব

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তারই জেরে ভারতে ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় থাকার কারণে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এবার সেটা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে এনিয়ে নিজের মত বিনিময় করেন সাকিব। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত ছিল বললেন তিনি। সাকিবের কথা, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’ তার মতে- এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্ট না খেলতে পারা খেলোয়াড় ও ভক্তদের জন্য কষ্টের, বিশেষ করে যে দেশে ক্রিকেট আবেগের জায়গা। তিনি বললেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপের আমাদের দেশের, খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’ দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী সাকিব। তার মতে, অনেক তরুণ খেলোয়াড় তাদের সম্ভাবনা দেখাতে শুরু করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যত আছে।’