এবার সাহায্য চেয়ে পোস্ট করলেন শাপুর জাদরানের ভাই

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
এবার সাহায্য চেয়ে পোস্ট করলেন শাপুর জাদরানের ভাই

আশঙ্কাজনক অবস্থায় দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন আফগানিস্তানের সাবেক অলরাউন্ডার শাপুর জাদরান। তাকে জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই আফগান ক্রিকেটারের ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন। আফগানিস্তানের সাবেক এই বাঁহাতি পেসার বিরল হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস বা এইচএলএইচ রোগে আক্রান্ত। গত জানুয়ারি মাস থেকে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এই রোগ হলে এমনিতেই বাঁচার আশা কম। জাদরান রয়েছেন রোগের চতুর্থ স্টেজে। ফলে তার মৃত্যুর ঝুঁকি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘামাই লিখেছেন, ‘আমার ভাই শাপুর জাদরান দেশের অন্যতম জাতীয় নায়ক। তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। আপনারা আমাদের জাতীয় নায়কের জন্য প্রার্থনা করুন। আমরা সবাই লড়াই করছি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত রক্তের প্রয়োজন। দিল্লিতে যদি আমাদের কোনো বন্ধু থাকেন, তাহলে দয়া করে এগিয়ে আসুন। ‘এ’ পজিটিভ রক্ত প্রয়োজন। দয়া করে দ্বিধা না করে আমাদের জাতীয় নায়কের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।’