জামালপুরে অভিযান পরিচলনা করে দুইটি ইট ভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লক্ষ টাকা জরিমানাসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত হওয়া ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস। এ সময় গোবিন্দপুর এলাকার জিরন ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ধ্বংস করা হয়। জিরন ব্রিকসে অভিযান পরিচালনার সময় ওই ব্রিকসের মালিক বাবুর মাকে রুজিনা বেগম র্যাবের গাড়িতে হামলা করে। এ সময় তিনি ব্রিকসে থাকা ইট দিয়ে র্যাবের একটি গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। পরে তাকে আটক করে পুলিশ। একই সময় সরকারি কাজে বাধা দেওয়ায় মাহফুজ হাসান সুজন নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়। পরে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকস অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।
অভিযান শেষে সুকুমার দাস বলেন, দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে একটিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড এবং চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় আরেকটি ইটভাটায় অভিযান চালায়ে মালিক পক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে যে অবৈধ ইটভাটা গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া কি হবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস।
অভিযান চলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।