১৬ মে চাঁদপুর সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৫:০০ পিএম
১৬ মে চাঁদপুর সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই আগমন হবে বলে জানা যায়।  

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয়  প্রশাসনের এবং বিএনপির সাংগঠনিক   তৎপরতা শুরু হয়েছে। আগামী ৭ মে এসএসএফ টিম প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর স্থানগুলো পর্যবেক্ষণ করার জন্য আসবেন। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন,দীর্ঘ ২২ বছর পর তিনি চাঁদপুর আসতেছেন।২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তারেক রহমান দলের একজন কর্মী হিসেবে তৃণমূলের সাথে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফর করেন। 

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম জানান,প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগাম খবরে সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।দলীয় নেতাকর্মী সহ সবাই উজ্জীবিত। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত চাঁদপুরবাসী। তিনি আরো জানান,প্রধানমন্ত্রী ঐদিন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর  ইউনিয়নের ঘোষেরহাটের বিশ্বখাল নামক খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী শহরের নতুন বাজার পৌর অডিটোরিয়ামে সুধি সমাবেশ,ফ্যামিলি কার্ডের উদ্বোধন,  জেলা বিএনপি কার্যালয় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং সবশেষে  চাঁদপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।  প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ২ মে সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সফরকে কেন্দ্র করে একই দিন সংসদ সদস্য সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন। এর আগে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল পৃথকভাবে সরেজমিন পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

আপনার জেলার সংবাদ পড়তে