কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর-তেলপাই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট - লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। রবিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সড়কটির উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন সরকারের টেকসই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন এ সড়ক চালু হওয়ায় বদরপুর ও তেলপাই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক চালু হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগে ভোগান্তি কমবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুল মমিন সওদাগর, ফেয়ার আলম, প্রমূখ। অনুষ্ঠান শেষে সড়কের সার্বিক উন্নয়ন ও এলাকার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।