ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অপহরণের চেষ্টার শিকার শিশু শ্রেণির ছাত্রী জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী জান্নাত তার ক্লাসে ক্লাস করছিল, এসময় বিদ্যালয়ে প্রবেশ করে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণী নিজেকে "খালাম্মা" পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় শিক্ষকদের সন্দেহ হওয়ায় জান্নাত এর মাকে খবর দিলে স্কুলে এসে তিনি জানান তার খালাম্মা নয়,পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।বর্তমানে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত সুমাইয়া। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,শিশু অপহরণের ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে, স্কুল কতৃর্পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিশুটি বর্তমানে নিরাপদে পরিবারের কাছে রয়েছে।