নাটোরের লালপুর উপজেলায় মৎস্যজীবীদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) লালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং বিকল্প আয়বর্ধক কার্যক্রমে মৎস্যজীবীদের সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইমো হ্যাকিং, অনলাইন প্রতারণা ও মাদক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো জরুরি।
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, লালপুরে বিদ্যুতের ঘাটতি নিরসনে বিশেষ অনুরোধের ভিত্তিতে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে পদ্মা নদী তীরবর্তী এলাকায় সোলার প্লান্ট স্থাপনের মাধ্যমে লালপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যজীবীদের আধুনিক মাছ চাষ পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।