বড়দলে ফসল উৎপাদনে দুর্ভোগ খাল খননের আবেদন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৮:৩২ পিএম
বড়দলে ফসল উৎপাদনে দুর্ভোগ খাল খননের আবেদন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২ হাজার ৯৫০ একর জমির জলাবদ্ধতা নিরসন, ফসল উৎপাদনে দুর্ভোগ লাঘবে খাল খননের আবেদন করেছেন এলাকাবাসী। 

খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি বরাবর স্থানীয় আজহারুল ইসলাম মন্টু জরুরী ভাবে খাল খননের আবেদন করেছেন। আবেদন ও সাংবাদিকদের কাছে তিনি জানান, বড়দল ইউনিয়নে কখনো লোনা পানি ওঠানো হয়না। ইউনিয়নের সকল জমিতে মিষ্টি পানির ধান চাষ, তরমুজ চাষ, সরিষা চাষ ও শাক সবজি চাষ হয়ে থাকে। বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার কারনে এসব এলাকার বিল ও ডাঙ্গা সমুহ জলমগ্ন থাকায় ফসল উৎপাদনে নানা সমস্যা ও দুর্ভোগ পোহাতে হয়। ক্ষেত নিমজ্জিত হয়ে ফসল নষ্ট হওয়ায় চাষীরা প্রতি বছর ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। বড়দল ইউনিয়নের চান্দিনা বামনডাঙ্গা মৌজায় বামনডাঙ্গা স্লুইস গেট সংলগ্ন খাল এলাকার ১ হাজার ১০০ একর জমি, কেয়ারগাতি মৌজায় তিতুখালী-২ খাল এলাকার ৬৫০ একর জমি, চক বুড়িয়া মৌজায় হদুবুনিয়া/টাটার খাল, টাটার খালের শাখা, আশু মোল্যার বাড়ি হতে মাদিয়া পর্যন্ত চেউটিয়ার খালের শাখা এলাকার ১ হাজার ২০০ একর জমি রয়েছে। খাল ৩টি ভরাট হয়ে গেছে, কোথাও কোথাও অবৈধ দখল আছে, কোথাও কোথাও দখলকারীরা পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকা জলাবদ্ধতার কারনে ফসল নষ্ট, ঘরবাড়িতে পানি ওঠা, ডাঙার ফসল নষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকে। ১০/১৫ বছর চক বুড়িয়া মৌজায় কোন ফসল হচ্ছেনা এবং বর্ষা মৌসুমে বাড়ি ঘর পানিতে তলানো থাকে। এসব এলাকার প্রায় ৪২ হাজার জনগনের জানমাল রক্ষা এবং ফসল উৎপাদনের পথ সুগম করতে অবিলম্বে চান্দিবামনডাঙ্গা, চক বুড়িয়া ও কেয়ারগাতি মৌজায় উপরোল্লেখিত খাল খননের জন্য জোর দাবি জানান হয়েছে।  এলাকার সচেতন ব্যক্তিবর্গ জানান, খাল খননের সাথে সাথে মানিকখালী হতে বড়দল সড়কে ১৯টি কালভার্ট রয়েছে। কালভার্টগুলো কোনটি ভেঙ্গে গেছে, কোনটি বন্ধ করে রাখা হয়েছে। কোন কোনটির মুখ অবৈধ দখল ও পানি নিস্কাশনের পথ রোধ করে রাখা হয়েছে। ফলে ঐ সব এলাকার গ্রামের পানি নিস্কাশন হতে পারেনা। ফলে ঘরবাড়ি, গোরস্থান, ডাঙ্গার ফসল প্রতিবছর নষ্ট হয়ে যায়। তারা অবিলম্বে কালভার্ট গুলো সচল করতে জোর দাবি জানান।

এব্যাপারে বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজ হাসান জানান,খালগুলো খনন করা খুবই জরুরী। আমি ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি বরাবর মহোদয়ের নির্দেশনা মোতাবেক খনন ও পুনঃ খনন উপযোগি খালের তথ্য প্রেরন করেছি। যেখানে উপরোক্ত খালগুলোর তথ্য রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে