পানিপ্রবাহে বাঁধা দিয়ে বাঁধ নির্মাণ করায় বিস্তীর্ণ জমিতে পানি নিষ্কাশন ও সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে করে কৃষকের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ছয়শ' একর জমির বোরো ধানসহ ফসল রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের সংযোগস্থল মহিষখোলা বিল এলাকার। রবিবার (৩ মে) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান অভিযান চালিয়ে মহিষখোলা বিল এলাকায় অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করিয়েছেন। তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার শত শত কৃষকরা। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য বিভাগের প্রতিনিধি, বিএডিসির প্রকৌশলী, থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাঁধ অপসারণে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট জমিতে কোনো ব্যক্তি এককভাবে বাঁধা সৃষ্টি করে পানিপ্রবাহ বন্ধ করতে পারেন না। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ক্ষতি হয়। এ ধরনের কাজ আইন ও মানবতাবিরোধী।
ইউএনও আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।