জিয়ানগরে হাম-রুবেলা ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০২:৪৩ পিএম
জিয়ানগরে হাম-রুবেলা ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় কোনো শিশু যেন বাদ না যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

সভায় জানানো হয়, উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,৮৪০ জন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় রয়েছে ৭৩২ জন শিশু, যা ৬২টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী ও ১টি স্থায়ী টিকা কেন্দ্র চালু রয়েছে।

গত দিন পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭,১০৮ জন, যার মধ্যে ৬,৮৭২ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এতে অর্জনের হার দাঁড়িয়েছে প্রায় ৯৭ শতাংশ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর, উপজেলা একাডেমি সুপারভাইজার অশোক রায়, ইন্দুরকানী থানা এসআই পলাশ সাহা, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এসময় বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি শতভাগ সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।