নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার দুই আসামী শীর্ষ সন্ত্রাসী লাকী মীর (৪৬) ও আবু তালুকদার (৩০) কে আটক করেছে। সোমবার (৪ মে) গভীর রাতে তাদের নিজবাড়ী কলাবাড়ীয়া গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত লাকী মীর কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলী মীরের ছেলে ও আবু তালুকদার একই গ্রামের টিপু তালুকদারের ছেলে। তাদের বিরুদ্ধে নড়াইল ও নড়াগাতী থানাসহ ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামী লাকি মীর ও আবু তালুকদার পলাতক অবস্থায় চুরি ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়াগাতী থানার পুলিশ সোমবার (৪ মে) রাত আনুমানিক ১.৩০টার দিকে কলাবাড়ীয়া গ্রামে পৃথকভাবে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজবাড়ী থেকে আটক করে আদালতে প্রেরণ করেছে। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রহিম জানান, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী লাকী মীর ও আবু তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও একাধিক মামলা চলমান রয়েছে।
তিনি আরো জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী লাকী মীরের বিরুদ্ধে ঢাকার সাভার থানায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় ২০২৩ সালের ১৩ মে দায়ের হওয়া মামলা নং-৫০ (জি আর নং-৩৭০), ২০২১ সালে খুলনার তেরখাদা থানায় ৩১৬ ধারায়, ২০২০ সালে নড়াগাতী থানায় ৪৫৮/৩৮০/৩৮২ ধারায়, ২০১৬ সালে ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ ও ৩৯৫/৩৯৭ ধারায় এবং ২০১১ সালে হত্যা (৩০২/৩৪) ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, আবু হুরায়রা তালুকদার এর বিরুদ্ধে ২০১৪ সালে নড়াগাতী থানায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায়, ২০১৫ সালে অস্ত্র আইনের ১৯(৪) ধারায় এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটি বিচারাধীন এবং কিছু মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।