আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন জ্যোতি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৮:০৬ পিএম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ জিতলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন টাইগ্রেস অধিনায়ক। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ পর্যায়ের নিয়ম ভাঙায় এই শাস্তি পেয়েছেন তিনি। গত শনিবার সিলেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় এই ঘটনা ঘটে। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে রাগে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন জ্যোতি। তার এই কাজকে আইসিসি ক্রিকেট সরঞ্জাম বা মাঠের আসবাবপত্রের অপব্যবহার হিসেবে গণ্য করা হয়েছে। তিরস্তারের পাশাপাশি জ্যোতির ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ। জ্যোতি নিজেই ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুথ আম্পায়ান চম্পা চাকমা জ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সাধারণত লেভেল ১ ভঙ্গের ক্ষেত্রে তিরস্কার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে