রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুম শেষ হচ্ছে বাজেভাবে। টানা দ্বিতীয়বারের মতো তারা কোনো ট্রফি জিততে পারছে না। তাদের এই পরিস্থিতির প্রতিচ্ছবি যেন ডাগআউটেও ফুটে উঠেছে। বিদায়ের আগে জাবি আলোনসো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। বর্তমান কোচ আলভারো আরবেলোয়াও ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছেন। দায়িত্ব পেয়ে প্রথম কয়েক মাস রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন আরবেলোয়া। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার রেষারেষি ভালদেবেবাসে উত্তেজনা বাড়াচ্ছে। এল মুন্দো-র প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি ইতোমধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক সপ্তাহে ক্লাব অধিনায়ক দানি কারভাহাল, রাউল আসেনসিও, আলভারো কারেরাস ও দানি কেবায়োসের সঙ্গে আরবেলোয়ার রেষারেষির খবর এসেছে গণমাধ্যমে। বিশেষ করে কেবায়োসকে লম্বা সময় ধরে দলে রাখা হচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী, তাদের মনে হচ্ছে আরবেলোয়ার কাছে অবহেলিত হচ্ছেন তারা। এই খেলোয়াড়দের বিশ্বাস, বর্তমান কোচ ক্লাবের সুপারস্টার খেলোয়াড় ও এই মৌসুমে উঠে আসা স্থানীয় প্রতিভাবানদের গুরুত্ব দিচ্ছেন। অথচ কারভাহাল, আসেনসিও ও কেবায়োসের মতো স্থানীয়দের সঙ্গে একই আচরণ করছেন না আরবেলোয়া। এ কারণে স্কোয়াডের সঙ্গে তার সম্পর্কের ভাঙন ধরেছে। এই পরিস্থিতি আরও জটিল হয়েছে কিলিয়ান এমবাপের কারণে, যিনি গত কয়েক সপ্তাহ ধরে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠের বাইরে। রিয়ালের ড্রেসিংরুমের বেশ কয়েকজন খেলোয়াড় গত সপ্তাহে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বান্ধবী ইস্টার এক্সপোসিতোকে নিয়ে তার ইউরোপ ভ্রমণের বিষয়টি। তারপরও ফরাসি ফরোয়ার্ডের পক্ষে কথা বলায় আরবেলোয়ার ওপর ক্ষোভ আরও বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টে পরিবর্তন অবশ্যসম্ভাবী। আরবেলোয়া তার অবস্থানে ঠিক হোক আর ভুল, সেটা অপ্রাসঙ্গিক। স্কোয়াডের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে তাকে ছেড়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাছাড়া ট্রফিহীন মৌসুম পার করার খেসারতও দিতে হবে তাকে।