সেনবাগে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সেনবাগের ইয়ারপুর গ্রামের এমপি ভিলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ঘোষিত শিক্ষা, স্বাস্থ্য, খাল খনন, ফ্যামিলি কার্ড, নারীদের আর্থিক সহায়তা, কৃষকের ঋণ মওকুফ, কৃষক কার্ড প্রদান এবং ২৫ কোটি গাছ রোপণের মতো অঙ্গীকার বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ছাত্রদলকে ‘পকেট কমিটি’ হতে দেওয়া হবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাউকে সভাপতি-সাধারণ সম্পাদক বানানোর প্রবণতা বন্ধ করতে হবে। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে নাম লিখিয়ে ক্লাস না করে শুধুমাত্র পদ পাওয়ার জন্য রাজনীতি করতে চায়-এ প্রবণতা বন্ধ করতে হবে। দায়িত্ব পাওয়ার পর নেতাদের খুঁজে না পাওয়ার অভিযোগও তুলে ধরেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী চার বছরের মধ্যে ছাত্রদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, কারণ তখন বর্তমান ছাত্ররাই ভোটার হবে এবং তারাই নেতৃত্ব দেবে। সাম্প্রতিক নির্বাচনে নারী ভোটারদের সমর্থন না পাওয়ার বিষয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে নারী ভোটাররা তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করলেও এবারের নির্বাচনে সেই চিত্র দেখা যায়নি। এ ক্ষেত্রে প্রতিপক্ষের প্রচারণার বিরুদ্ধে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় নারী কর্মীদের উপস্থিতি কম থাকায়ও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কমিটি গঠনের পর কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, মির্জা মোস্তফা, নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক ছানা উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুজিবসহ আরও অনেকে।