নাঙ্গলকোটের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাণ্ডব-সন্ত্রাসী হামলা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৮:১৩ পিএম
নাঙ্গলকোটের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাণ্ডব-সন্ত্রাসী হামলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সিজিয়ারা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতের এ ঘটনায় ঢালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুফকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চিওড়া গ্রামের পারভেজ ভূঁইয়ার নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ইউসুফ তার কয়েকজন সহপাঠীকে নিয়ে সিজিয়ারা বাজারের বিসমিল্লাহ সুইটস-এ নাস্তা করছিলেন। এসময় হঠাৎ করে পারভেজ ভূঁইয়ার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় ইউসুফ গুরুতর আহত হন।

হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা বাজারজুড়ে তাণ্ডব চালায়। তারা মহসিন হোসেন বিজয়ের বিসমিল্লাহ সুইটস দোকানে ঢ়ুকে ফ্রিজ ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া ফল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দোকান ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালানো হয়, যেখানে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এছাড়াও ঢালুয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলের মার্কেটে হামলা চালিয়ে দোকানপাট ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। পুরো বাজারে অন্তত ১৫ থেকে ২০টি দোকানের শাটার ভেঙে ফেলা হয় বলে জানা গেছে। বাজার কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, “ঘটনার দিন আমি বাজারে ছিলাম না। তবে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযুক্তরা যদি দোষ স্বীকার করে, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, “সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয়ভাবে জানা গেছে, মন্নারা আলহাজ্ব সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও গ্রুপিং চলছিল। তারই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন এই ঘটনা থানার কোন মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে