ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ১১:১৩ এএম
ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ৪ মে সকালে ভোলা শহরের অফিসার পাড়া এলাকায়। মৃত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সাথে ১০ বছর ধরে ভোলার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

জানা গেছে, পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে সোমবার সকালে চৈত্রি তার মাকে বাজারে পাঠায়। এরপর ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢ়ুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

চৈতির মা সোনিয়া বেগম বলেন, রবিবার ইংরেজি পরীক্ষা শেষে বাড়িতে এসে সে (চৈত্রি) জানিয়েছিলো তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পরে। চৈতির মন খারাপ থাকলেও সে আমাদেরকে কিছু বুঝতে দেয়নি। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন পরীক্ষা ভালো হয়নি বলেই চৈতি আত্মহত্যা করেছে। ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে