ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (৪ মে) সন্ধ্যায় নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষুব্ধরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি করেন। মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, তারেক রহমানের বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধিতা করছি না। আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হোক। এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পরে যায়। এতে ভোগান্তিতে পরতে হয়েছে যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আমতলার মোড়ে পদবঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সড়ক ছেড়ে দিয়েছেন।