স্বামীর অধিকার পেতে থানা পুলিশ থেকে শুরু রাজনৈতিক নেতাদের কাছে একাধিকবার ধর্না দিয়েও ন্যায় বিচার পায়নি যুবতী জান্নাতুন বাবলি (২৯)। অবশেষে সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষপান করেছে ওই যুবতী। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা ওই যুবতীকে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ওই যুবতীর থানায় দায়ের করা সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার সদর থানার ১ নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুন বাবলির সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বাদলের ছেলে তৌহিদুল ইসলাম আশিকের। পরিচয়ের সূত্রধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সুবাধে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তৌহিদুল ইসলাম আশিকের সাথে বাবলির বিয়ে হয়। বিয়ের পর বাবলিকে পুত্রবধূর স্বীকৃতি দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসেন আশিকের বাবা তরিকুল ইসলাম বাদল।
এরপর যৌতুকের জন্য বাবলির স্বামী আশিক, ননদ তামিমা ইসলাম, শাশুড়ি ফাহমিদা খানম, শশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। নির্যাতন সহ্য করতে না পেরে বাবলি ২০২৬ সালের ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১৩/২৬) মামলা দায়েরের পর স্ত্রী বাবলিকে নির্যাতন না করার শর্তে তাকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করার শর্তে থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে সমঝোতায় মামলা থেকে স্বামী ও তার লোকজনদের জামিন করান বাবলি। কিন্তু জামিনে এসে ফের অমানুষিক নির্যাতন চালায় স্বামী আশিক ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে বাবলিকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে হতাশাগ্রস্থ হয়ে গত ১৪ মার্চ স্বামী তৌহিদুল ইসলাম আশিক ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন জান্নাতুন বাবলি। এরপর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে আত্মগোপন করে ঢাকায় বসবাস শুরু করেন। একপর্যায়ে বাবলি তার স্বামী আশিকের ঘরে বসবাস শুরু করলেও আশিক তার নিকট আত্মীয়দের মাধ্যমে ওই ঘরের বিদ্যুত ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
এরপর থেকে অসহায় হয়ে পরেন বাবলি। পরে তিনি (বাবলি) থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে স্বামীর অধিকার পেতে অসংখ্যবার ধর্না দিয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। সর্বশেষ সোমবার (৪ মে) বিকেলে অসহায় বাবলি ন্যায় বিচারের আশায় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের গৌরনদী বন্দরস্থ বাসায় আসেন। বিএনপি নেতাকে বিষয়টি জানিয়ে অভিমানি অসহায় যুবতী জান্নাতুন বাবলি বিএনপির নেতার বাসা থেকে বের হয়ে বিষপান করেন। এসময় স্থানীয়রা ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বলেন, ওই যুবতী তার অসহায়ত্বের বিষয়টি জানানোর পর সরিকল এলাকার নেতৃবৃন্দের সাথে মোবাইল ফোনে কথা বলে আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দেওয়া হয়। এরপর ওই যুবতী তার বাসা থেকে বের হয়ে যায়।
তিনি আরও বলেন, কিছু সময় পর জানতে পারি আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নাকি ওই যুবতী বিষপান করেছেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নারীদের সহায়তায় ওই যুবতীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার মাধ্যমে ওই যুবতী এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।