মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

এফএনএস (মাহবুবুল আলম শাহীন; মনপুরা, ভোলা) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৩:০৬ পিএম
মনপুরায় স্কুলছাত্র নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

ভোলার মনপুরা উপজেলার ২নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈজুউদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হাসান ইমন (১৫) নামে এক স্কুলছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ইমন হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর ১০ম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পড়ালেখা নিয়ে অভিভাবকদের বকাঝকার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ইমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

ইমনের বাবা আবুল কালাম আজাদ বলেন, পড়ালেখা নিয়ে একটু বকাঝকা করেছিলাম। পরে সে অভিমান করে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি। আমরা খুব চিন্তায় আছি। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) মনপুরা থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর-২০১। নিখোঁজ স্কুলছাত্র ইমনের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে