রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০১:০৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি ছাত্র হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। পলাতক অবস্থায় থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু নিজের ফেসবুক আইডি থেকে ওই হল কমিটি প্রকাশ করেন। ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে। রাবি ক্যাম্পাসে মোট ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধু ছেলেদের হলগুলো নিয়েই করা হয়েছে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে বিজয়-২৪ হলে রূপান্তরিত হলেও ঘোষণায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি এবং তামিম হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। অন্যান্য হলগুলোর মধ্যে শের-ই বাংলা ফজলুল হক হলে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফির নাম রয়েছে। শাহমখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্স হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম উল্লেখ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম এসেছে তাদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের অনেকেই বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কারের মুখে পড়েছেন। পাশাপাশি কারও কারও বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে। বর্তমানে তারা প্রকাশ্যে না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে। সেই সময় থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি এই হল কমিটি ঘোষণা করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে তারা সবাই নির্যাতনের শিকার। সংগঠনকে সক্রিয় ও সংগঠিত করতেই তাদের নেতৃত্বে আনা হয়েছে। তবে তিনি এটিও স্বীকার করেন যে ঘোষিত কমিটির কেউই বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত নেই। নিষিদ্ধ সংগঠনের এই কমিটি ঘোষণার বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন প্রকাশ্যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইন বা সামাজিক মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা বা ঘোষণা করা হলেও বাস্তবে ক্যাম্পাসে তাদের কোনো কার্যকর অবস্থান নেই। তিনি আরও বলেন, যদি অনলাইনে কোনো ধরনের নিষিদ্ধ বা বিতর্কিত কার্যক্রম পরিচালিত হয়, তবে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে