পিরোজপুরে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৫:১৭ পিএম
পিরোজপুরে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন এক আদালত। দন্ড প্রাপ্ত ব্যক্তি হলো জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ সুমন হাওলাদার।  আজ মঙ্গলবার দুপুর ১ টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। 

আদালত সূত্রে জানা গেছে, ভিকটিম ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের মেয়ে জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ভিকটিমের পিতা-মাতার সাথে সম্পর্ক না থাকায় সে তার মামা একই গ্রামের নিজাম হাওলাদারের বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামী প্রায়ই তাকে উত্যক্ত করতো। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামী সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ী ফিরে তার মামাকে ঘটনাটি বলে। বিষয়টি স্থানীয়রা মিমাংশা করার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামী করে ভান্ডারিয়া থানায় ধর্ষনের মামলা দায়ের করে। পুলিশ আসামী সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। সাক্ষ্য প্রমানে আসামী  দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।