ভোলার দৌলতখানে গ্রামীণ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রতি রক্ষায় ফ্রি হেলথক্যাম্পের মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা করলেন মো. হাফিজ ইব্রাহিম এমপি। মঙ্গলবার (৫ মে) উপজেলার বাংলাবাজার হালিমা খাতুন মহাবিদ্যালয়ে স্কয়ারের ফ্রি হেলথক্যাম্পে চিকিৎসা পেলেন কয়েক হাজার মানুষ। সকাল ৮ টা থেকে ফ্রি হেলথক্যাম্পের সেবা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপজেলা ছাড়া ও আশপাশ এলাকার গ্রামীণ জনপদের অসহায়, দুস্থ ও সাধারণ রোগীরা সেবা নেন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ব্যতিক্রমী ফ্রি হেলথক্যাম্পে হাফিজ ইব্রাহিম এমপি বলেন, নির্বাচনে প্রতিশ্রুতি ছিল আমার এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মানুষের স্বাস্থ্য সেবার উদ্যোগ নেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতা রক্ষায় আজকের এ ফ্রি হেলথক্যাম্পের আয়োজন।
আগামীতেও ফ্রি হেলথক্যাম্পের মাধ্যমে দেশ- বিদেশি ডাক্তার এনে বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসার ব্যবস্থা করা হবে। ফ্রি হেলথক্যাম্পে অসচ্ছল মানুষেকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ দেয়া হয়েছে। ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে ফ্রি হেলথক্যাম্প কর্মসূচিতে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
হেলথক্যাম্পে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা নেন। ঢাকার স্কয়ার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিম মেডিসিন, শিশু, গাইনি, ডায়াবেটিস, হৃদরোগ ও চর্মসহ নানা রোগের চিকিৎসা দেন। আগামী বছরের শুরুর দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে মানুষের স্বাস্থ্য সেবা তৃণমূল পর্যায়ের দোরগোড়ায় পৌঁছে দিতে দুর্গম চরাঞ্চলে আবার এ ধরনের হেলথক্যাম্পের আয়োজন করা হবে বলে জানা গেছে।