কলাপাড়ায় দেড় শ’ জেলে পেলেন ইলিশ ধরার সাইন জাল

এক টাকায় তিনটা ইলিশ বিক্রি করতে দেখেছি: এমপি মোশাররফ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) :
| আপডেট: ৫ মে, ২০২৬, ০৮:৫০ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৮:৫০ পিএম
এক টাকায় তিনটা ইলিশ বিক্রি করতে দেখেছি: এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শ’ জেলেকে ইলিশ ধরার লক্ষ্যে সাইন জাল বিতরন করা হয়েছে। এসময় মাছ ধরার জন্য ৭৫ হাজার মিটার জাল সহ প্রভৃতি  সরঞ্জাম জেলেদের হাতে তুলে দেওয়া হয়। তিন জন করে দল ভিত্তিক ৫০ টি দলকে  দেড় হাজার মিটার করে সাইন জাল বিতরণ করা হয়। 

মঙ্গলবার শেষ বিকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এসব সামগ্রী বিতরন হয়।  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। 

বক্তারা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলেদের বীমার আওতায় আনতে জেলেবান্ধব সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা। 

প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এক সময়; আমরা ছোট সময় এক টাকায় তিনটা ইলিশ বিক্রি করতে দেখেছি। এমনকি বিনা পয়সায়ও জেলেরা গ্রামের পড়শিদের ইলিশ বিতরণ করতেন। আর এখন এসব কল্পনাও করা যায় না। এসব এখন গল্পের মতো মনে হয় বলে তিনি মন্তব্য করেন। তাই ইলিশ সম্পদের প্রাচুর্য ধরে রাখতে সকলের সহায়তা ও সচেতনতা প্রয়োজন বলেও এবিএম মোশাররফ হোসেন বলেন।’