১৯৭৮ সালে নির্মিত যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট ভবনটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দীর্ঘদিনের অবহেলা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বহুল আলোচিত এই ভবন সংস্কারে ৭১ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ ই ডি) কর্তৃক পুরাতন এই দ্বিতল ভবন সংস্কারের জন্য ইজিপি’র মাধ্যমে ঠিকাদার নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। তাই সংস্কার কাজ চলাকালিন সময় পুরাতন ভবনে রোগী ভর্তি রাখা নিরাপদ নয় মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি প্রদান করেছে।
এ ব্যাপারে বুধবার (৬ মে) দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আলীমুর রাজীব বলেন, প্রায় ৫০ বছর পূর্বে নির্মিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার দ্বিতল ভবনটি ঝুঁকিপূর্ণ। পলেস্তারা খসে পড়ছে, নষ্ট হয়ে পড়েছে পানি ও বৈদ্যুতিক লাইনসহ পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা। পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বার বার সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়।
তিনি বলেন, সম্প্রতি নির্বাহী প্রকৌশলী (এইচ ই ডি) কর্তৃক ভবন সংস্কার কাজের জন্য ইজিপি’র মাধ্যমে মেসার্স আতিক এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। ৭১ লাখ টাকা ব্যয়ে ভবন সংস্কারের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে। ইতোমধ্যে মালামাল ও রোগী স্থানান্তরের কাজ শুরু করা হয়েছে। তাই সংস্কার কাজের জন্য পুরাতন ভবনে রোগী ভর্তি বন্ধ রাখা একান্ত প্রয়োজন। জরাজীর্ণ ভবন সংস্কারের মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।