জিয়ানগরে স্কুলছাত্রীকে জুতাপেটা করলেন যুবলীগ নেতার স্ত্রী

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০১:৪৫ পিএম
জিয়ানগরে স্কুলছাত্রীকে জুতাপেটা করলেন যুবলীগ নেতার স্ত্রী

পিরোজপুরের জিয়ানগরে বিদ্যালয়ে যাওয়ার পথে জনসম্মুখে প্রধান শিক্ষকের সামনেই নুসরাত জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫মে) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচড় গাজীপুর গ্রামে ন্যাক্কারজনক  এ ঘটনা ঘটে।  নুসরাত স্থানীয় দরিচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের নাসির উদ্দীন খানের মেয়ে।  অভিযুক্ত জাকিয়া সুলতানা (৩০) একই এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগ নেতা সবুজ খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সঞ্চয়ের টাকা আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এ বিরোধকে কেন্দ্র করে নুসরাত ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ভয়ের কারণে নুসরাত প্রায় ১০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে তাকে বিদ্যালয়ে নিয়ে আসছিলেন। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে পথে অভিযুক্ত জাকিয়া সুলতানা নুসরাতের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে জানানো হয়। নুসরাতের মা গোলাপি বেগম জানান, অভিযুক্তদের ভয়ে তার মেয়ে কয়েকদিন ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছিল। শিক্ষক নিজে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়ও তার মেয়েকে মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত পরিবারটির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও নানা হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় তারা দ্রুত বিচার এবং শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফয়সাল বলেন, শিক্ষার্থীটি হুমকির কারণে স্কুলে আসছিল না। তাই তিনি নিজেই বাড়ি থেকে নিয়ে আসছিলেন। পথে অভিযুক্ত নারী ছাত্রী নুসরাতকে মারধর করেন। বাধা দিতে গেলে তিনিও আঘাত পান বলে দাবি করেন প্রধান শিক্ষক। অভিযুক্ত জাকিয়া সুলতানা ও তার স্বামী সবুজ খান পূর্বের বিরোধের জেরে মারধরের ঘটনা স্বীকার করলেও জুতাপেটার অভিযোগ অস্বীকার করেছেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে