আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই। আওয়ামীলীগ সরকার যে দেশ রেখে গিয়েছিলো তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন। শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের সার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে জানান তিনি। এছাড়াও বারের উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান আইনমন্ত্রীর। ১৭৪ জন নবীন আইনজীবী নতুন করে যোগদান করছেন খুলনা বারে। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন আইনমন্ত্রী। এছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেন তিনি। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু,, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী। এছাড়াও খুলনার সকল আদালতের বিচারক ও আইনজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।