নিষিদ্ধ ঘোষিত যুবলীগ পিরোজপুরে আজ শুক্রবার খুব ভোরে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে এক মিছিলকারীকে যুবদল কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক যুবক শামীম সিকদার পিরোজপুর পৌর এলাকার ব্রাহ্মনকাঠীর মৃত হান্নান সিকদারের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান। পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান জানিয়েছেন, শুক্রবার সকাল ৬ টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল পিরোজপুর বাজার এলাকা থেকে শুরু করে স্থানীয় শিকারপুর এলাকার দিকে যায়। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেওয়া ছাড়াও বর্তমান সরকার, বিএনপি এবং এর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয় এবং মিছিলকারীরা শহরে নাশকতারও চেষ্টা করে। তিনি জানান, ওই মিছিল থেকে তারা শামীম নামের একজনকে আটক করে পুলিশে দেয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।