আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ার সাদা বলের দল। বাংলাদেশ সফরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে অজিরা। তবে এই সফরে অজি পেসত্রয়ী মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সের খেলা নিয়ে শঙ্কা আছে। বর্তমানে আইপিএল ব্যস্ত আছেন এক ঝাঁক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আইপিএল শেষে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে ৩ ওয়ানডের সিরিজ খেলে সেখান থেকেই আসবে বাংলাদেশ সফরে। আইপিএলের দীর্ঘ যাত্রার পর কামিন্স, স্টার্ক, হ্যাজলউডরা অ্যাভেইলঅ্যাবল থাকলেও পাকিস্তান এবং বাংলাদেশ সফরে তাদের খেলাতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, চোটের শঙ্কা, ওয়ার্কলোড ম্যানেজমেন্টসহ সবকিছু বিবেচনা করে পাকিস্তান এবং বাংলাদেশ সফরে স্টার্ক, কামিন্স, হ্যাজলউডকে পাঠানোর বিপক্ষে নির্বাচক এবং মেডিকেল দলের সদস্যরা। টানা বোলিংয়ের ফলে চোটের ঘটনা আগেও ঘটেছে। আইপিএলেও শুরুর অংশে খেলা হয়নি প্যাট কামিন্সের। ফলে আগস্ট থেকে ঘরের মাঠে ১২ মাসে সম্ভাব্য ২১ টেস্টের আগে তিন পেসারকে ফিট এবং সেরা ছন্দে পেতে বাংলাদেশ এবং পাকিস্তান সফরে তাদেরকে বিশ্রাম দিতে পারে সিএ। আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের মৌসুম শুরু করবে অজিরা। সেই সিরিজে পেসত্রয়ীর খেলার সম্ভাবনা আপাতত বেশি। ৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে অজিরা।