দিনাজপুরের হিলি বন্দর বাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা। ভারত থেকে পর্যাপ্ত মসলা আমদানি হওয়ায় গত বছরের তুলনায় প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। এতে স্বস্তি নিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় হিলির মসলা বাজার ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন ধরনের মসলার চাহিদা বেড়েছে কয়েকগুণ।
বাজার সংশ্লিষ্টরা জানান, গত কোরবানির ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কালো এলাচের দামও কমেছে। আগে প্রতি কেজি ৩ হাজার টাকায় বিক্রি হওয়া কালো এলাচ এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।
এছাড়া, আগে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হওয়া লবঙ্গ এখন ১ হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। গোলমরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায়। অন্যদিকে, জিরার দাম কেজিতে ৬৩০ টাকা থেকে কমে বর্তমানে ৫৬০ টাকায় নেমে এসেছে। জয়পুরহাট থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, “হিলি বন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। তাই এখানকার বাজারে দাম তুলনামূলক কম পাওয়া যায়। প্রতি কোরবানির ঈদেই আমরা এখান থেকে মসলা কিনে নিয়ে যাই।” স্থানীয় ক্রেতা লুৎফর রহমান বলেন, “গত বছরের তুলনায় এবার মসলার দাম অনেকটাই কম। সাদা এলাচ কেজিতে প্রায় এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। জিরার দামও কমেছে। এতে আমাদের মতো সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছি।”
হিলি বিসমিল্লাহ মসলা ঘরের মালিক শাওন আহমেদ জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাজারে আসছেন। বর্তমানে বেচাকেনাও ভালো হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।