বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শাহুনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে “শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) সকাল ১০টায় স্থানীয় আজহার আলী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, মোঃ রোকনুজ জামান, শেখ কামরুল ইসলাম গোরা এবং এস এম শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান। এসময় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষাবৃত্তির গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের শিক্ষা খাতে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ ও সমাজ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান।