পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ নিলেন শুভেন্দু

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ৯ মে, ২০২৬, ১২:৩৫ পিএম
পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ নিলেন শুভেন্দু
ছবি, সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার দুপুর ১২টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে উপস্থিত ছিলেন। 

এক প্রতিবেদনে আজ শনিবার আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সমগ্র কলকাতা শহর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। ব্রিগেডের ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানের শুরুতে হুডখোলা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য সভাস্থলে প্রবেশ করেন। এ সমং উপস্থিত জনতার অভিবাদনের জবাবে হাত নাড়েন।

মঞ্চে উঠে প্রধানমন্ত্রী প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শুভেন্দু অধিকারীর এই শপথগ্রহণ অনুষ্ঠানটি কার্যত ভারতীয় রাজনীতির নক্ষত্র সমাবেশে পরিণত হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জেপি নড্ডা, স্মৃতি ইরানি ও শিবরাজ সিংহ চৌহানের মতো শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়াও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা-যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মা, চন্দ্রবাবু নায়ডু, মানিক সাহা ও সম্রাট চৌধরি এই অনুষ্ঠানে যোগ দেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অগ্নিমিত্রা পালের উপস্থিতি মঞ্চের জৌলুস আরও বাড়িয়ে দেয়।

নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই বিধানসভায় তার দাপ্তরিক কক্ষ সাজানোর কাজ সম্পন্ন করেছেন। সেখান থেকে সাবেক মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। আজকের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে দূর-দূরান্তের জেলা থেকে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি এবং কড়া পুলিশি পাহারায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে